আশুলিয়া (ঢাকা) : নানা দুর্ণীতি-অনিয়ম ও ঘুষ বানিজ্যের অভিযোগে আশুলিয়া সাব-রেজিষ্ট্রার খায়রুল বাশার ভূইয়া পাভেলের অপসারণের দাবীতে মাথায় কাপড় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যবৃন্দ ও সাধারণ জনতা। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে কলম বিরতি সহ নানা কর্মসূচি পালন করলেও সাব-রেজিষ্ট্রার এখনো অপসারণ হয়নি বলে অভিযোগ করেন তারা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সিএন্ডবি-আশুলিয়া সড়কের আশুলিয়া সাব-রেজিষ্ট্রার অফিসের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি করেন তারা। এসময় কপালে সাদা প্লাকেট বেঁধে শত শত মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে দাড়িয়ে এ মানববন্ধন কর্মসুচীতে যোগদান করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাব-রেজিষ্ট্রারের দুর্ণীতি ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে এর আগেও কয়েকবার বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। কলম বিরতি রয়েছে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে। বিভিন্ন দপ্তরে স্মারক লিপিও প্রদান করা হয়েছে। কিন্তু তিনি এখনো বহাল তবিয়তে এখানে রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কমনা করেন তারা।
আশুলিয়া সাব-রেজিষ্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক আলমগীর হোসেন বলেন, সম্প্রতি আশুলিয়ার সাব-রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেল যোগদান করার পর থেকে ঘুষ অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন, টাকা ছাড়া তিনি কোন জমি কেনা বেচার দলিলে স্বাক্ষর করেন না। তাই ঘুষখোর এই সাব-রেজিষ্ট্রারের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মিছিল করেছি। এতে করে দলিল লেখক কল্যাণ সমিতির আন্দোলনের কারণে সাব-রেজিষ্ট্রি অফিসে অচলাবস্থা বিরাজ করছে। যার ফলে দলিল না হওয়ায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি পদত্যাগ না করলে আবারও রাস্তা অবরোধসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি।
এব্যাপারে আশুলিয়া সাব-রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেলের কোন বক্তব্য পাওয়া যায়নি।