কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ আলী জোহার (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব-১৫। এসমর র্যাবের উপস্থিতি টের পেয়ে আরো এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
শুক্রবার (২৪ মার্চ) কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক আলী জোহর কক্সবাজারের উখিয়া থানাধীন সাং-এফসিএন নং-১৬০৭৭৩, ক্যাম্প নং- ১/ডব্লিউ, ব্লক-ই-৭ এর নুর সালামের ছেলে।

উদ্ধারকৃত ইয়াবা।
র্যাব জানায়, র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ কুতুপালং বাজারের উত্তরে মেসার্স চৌধুরী ফিলিং ষ্টেশনের সামনে কক্সবাজার-টেকনাফগামী পশ্চিম পার্শ্বস্থ পাকা রাস্তার নিকট অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার নিকট হতে সর্বমোট এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধৃত ব্যক্তি ও পলাতক মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
আর আর/টিএ