ঢাকা : রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ (২৭) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠের পাশে এই ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠ এলাকার আলাউদ্দিনের ছেলে। তিনি পেশায় একটি লাড্ডুর দোকানের কর্মচারী ছিলেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে রাতে মুজাহিদসহ ১৫-২০ জনের একটি দল মোহাম্মদের ওপর হামলা চালায়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং কাউসার নামের এক যুবক মোহাম্মদকে লক্ষ্য করে বুকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
খবর পেয়ে মোহাম্মদের বোন শারমিন আক্তার স্থানীয়দের সহায়তায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। হত্যার ঘটনাটি কামরাঙ্গীরচর থানা পুলিশ অবগত আছে।