ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আমাদের আর কিছু করার নেই।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বেগম জিয়ার স্থায়ী মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে তার ভাইয়ের আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয় যে মতামত দিয়েছে তা এই মুহূর্তে পরিবর্তনের সুযোগ নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনি জটিলতা থাকার কারণেই খালেদা জিয়ার আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। এখন আর আমাদের কিছু করার নাই। আইনের ভিত্তিতে বিচার হয়েছে, এখানে রাজনীতির কিছু নেই।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ছোট ভাই শামীম এস্কান্দার। ওই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।