নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় আমিনুল ইসলাম (৩০) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। আমিনুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোড়বাড়িয়া গ্রামের মৃত সাহা আলীর ছেলে। আমিনুল স্থানীয় আমবাগ আতাউর মার্কেট এলাকায় দুলালের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাত ২টার দিকে কোনাবাড়ী আমবাগ আতাউর মার্কেট সংলগ্ন বারেক রোড মোড়ে রাস্তার ওপর অটোরিকশা চালক আমিনুলে গলাকাটা অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় দুর্বৃত্তরা আমিনুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। নিহতের সঙ্গে থাকা টাকা-পয়সা ও অটোরিকশাটিও চুরি হয়নি। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।