শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

জাতীয় ঈদগাহে চার স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার

বর্তমান সংবাদ ডেস্ক : / ২১৪ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ২:৩২ অপরাহ্ণ

 

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় ঈদগাহ মাঠে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিশাল এ মাঠে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের প্রধান জামাত। এ উপলক্ষে জাতীয় ঈদগাহে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ। একই সঙ্গে ঈদগাহে আসতে মুসল্লিদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

এরইমধ্যে নিরাপত্তা ব্যবস্থা দেখতে শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় ঈদগাহে যান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, যেহেতু আর্চওয়ে গেট পার হয়ে ঈদগাহে প্রবেশ করতে হবে, এ জন্য মুসল্লিদের একটু সময় নিয়ে ঈদগাহে আসার অনুরোধ জানাচ্ছি।

একই সঙ্গে ঈদের প্রধান জামাতে অংশ নিতে ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ জানান তিনি। ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ।

এদিকে শুক্রবার সকালে দেখা গেছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বিশাল মাঠ এরইমধ্যে সামিয়ানা দিয়ে ঢেকে ফেলা হয়েছে। বাঁশের ব্যারিকেড দিয়ে ভিভিআইপি, ভিআইপি জোন পৃথক করা হয়েছে। মূল মাঠের বাইরে স্থাপন করা হয়েছে দুটো ওয়াচ টাওয়ার।

এছাড়া সকালে র‌্যাব, পুলিশ ও ডিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জাতীয় ঈদগাহ মাঠে টহল দিতে দেখা গেছে। র‌্যাব ও পুলিশের ডগ স্কোয়াড, সোয়াত এবং বিভিন্ন বাহিনীর বোম্ব ডিজপোজাল ইউনিট সেখানে রয়েছে। এদিকে সিসিটিসির ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয়েছে পুরো মাঠ। এছাড়া ঢাকায় জাতীয় ঈদগাহ ছাড়াও প্রত্যেকটা ঈদের জামাতে নিরাপত্তা প্রদান করবে পুলিশ।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর ঈদগাহ মাঠে ৩৫ হাজার এবং সড়কে লাখো মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন।

 

বর্তমান সংবাদ/আরআর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর