ডেস্ক রিপোর্ট : তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভুমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দুই দেশেরই স্থানীয় প্রশাসন। খবর দ্য গার্ডিয়ানের।
ইউএসজিএস-এর দেয়া তথ্যানুসারে, তুরস্কের গাজিয়ান্তেপ প্রদেশের নূরদাগি শহরের পূর্বাঞ্চল ছিল ভূমিকম্পটির উপকেন্দ্র। জায়গাটি নূরদাগি থেকে ২৩ কিলোমিটার পূর্বে অবস্থিত। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ২৪ দশমিক ১ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস।
এদিকে, স্থানীয় সময় সকাল ৪ টা ১৭ মিনিটে প্রথম দফায় ভূমিকম্পটি আঘাত হানার ১১ মিনিট পর আরও একটি ভূমিকম্প আঘাত হানে তুরস্কের কেন্দ্রীয় অঞ্চলের একটি এলাকায়। এ দফায় ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭।
ইউএসজিএস জানিয়েছে, দ্বিতীয় দফায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি।
সিরিয়ার সীমান্তবর্তী গাজিয়ান্তেপ তুরস্কের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শিল্প এলাকা। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে, সিরিয়া, লেবানন এবং সাইপ্রাস থেকেও এই ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে।
তুরস্ক সরকার কিংবা স্থানীয় প্রশাসন এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর জানায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে, দেশটির বেশ কয়েকটি শহরে বিপুল সংখ্যক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়েছেন।