ঢাকা : সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার আইন সচিব মো. গোলাম সারওয়ারের সই করা প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকে তার সময়ে সরকারের বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে। আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন।
এরই ধারাবাহিকতায় বুধবার (৭ আগস্ট) পদত্যাগ করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এ ছাড়া অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এস কে) মোরসেদও পদত্যাগ করেছেন।
আর আজ পদত্যাগ করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। অ্যাটর্নি জেনারেল অফিসে তিনি পদত্যাগপত্র জমা দেন।