জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ ও নারায়নগঞ্জের রুপগঞ্জ এলাকা থেকে ১২৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০।
বুধবার (১৭ মে) ঢাকার নবাবগঞ্জের কলাকোপা এলাকা থেকে ১০২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী ও নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বচনপাড়া এলাকা থেকে ২৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সেলিম রানা (৩৪), সবিতা (৩২) এবং তোবারক হোসেন (৫৬)।
র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১০ এর একটি আভিযানিক দল ঢাকার নবাবগঞ্জ থানাধীন কলাকোপা এলাকায় অভিযান চালিয়ে ১০২ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয় সেলিম রানা ও সবিতাকে। এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ- ১ লাখ ৩ হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানাধীন পূর্ব চনপাড়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ২৬ বোতল ফেনসিডিল সহ তোবারক হোসেন নামের অপর একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।