নাটোর : নাটোরে পৃথক দুটি স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জেলার লালপুরের বড়বাদকয়া গ্রাম এবং গুরুদাসপুর উপজেলার কাছিকাটা বিশ্বরোড এলাকা থেকে শনিবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পুলিশ।
নিহত ৫০ বছর বয়সী আবুল কালাম বড়বাদকয়া গ্রামের বাসিন্দা। আর ৪৫ বছর বয়সী আবু সাঈদ বগুড়ার কাহালু উপজেলার আলোকছত্র গ্রামের বাসিন্দা।
লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, শনিবার সকাল ৬টার দিকে বড়বাদকয়া গ্রাম থেকে তিন কিলোমিটার দূরের একটি পুকুরপাড়ে আবুল কালামের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি আরো জানান, শুক্রবার রাতে কালামের সঙ্গে তার স্ত্রী আর্জিনার ঝগড়া হয়। এতে আর্জিনার আগের পক্ষের ছেলে আল আমিনও যোগ দেয়। এ ঘটনায় কালামের ভাই শহিদুজ্জামান একটি হত্যা মামলা করেছে। এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, শনিবার সকাল ৯টার দিকে নাটোরের গুরুদাসপুরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা মোড় এলাকা থেকে আবু সাঈদের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আবু সাঈদ ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল।
তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।