বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

নিখোঁজর ৪ দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

গিয়াস উদ্দিন রিপন, নোয়াখালী / ২২৪ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, ৪:৩০ অপরাহ্ণ

নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের চার দিন পর এক ব্যাটারী চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ ও নিহতের স্বজনেরা এ হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মাদধসিংহ গ্রামের একটি বাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মামুনুর রশীদ ওরফে মামুন (১৮) উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাকীপুর গ্রামের দেওয়ান বাড়ির কবির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুন পেশায় একজন ব্যাটারী চালিত অটোরিকশা চালক ছিলেন। গত সোমবার থেকে সে নিখোঁজ ছিল। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অটোচালকের স্বজনেরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার সকালের দিকে এক নারী মাধবপুর গ্রামের টিপু সুলতানের ঘরের পিছনে সুপারি বাগানের মধ্যে মামুনের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, নিহতের শরীরে সামান্য আঘাতের চিহৃ রয়েছে। এ আঘাত মৃত্যুর কারণ হতে পারেনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ওসি আরও বলেন, মামুনের স্বজনেরা আগেই থানায় নিখোঁজের ডায়েরি করেছিলেন। সেটি এখন মামলা হিসেবে রেকর্ড হবে।

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর