টাঙ্গাইল : টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ঘাটাইলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দূর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার লাউয়াগ্রাম এলাকার শহীদ হোসেনের ছেলে সোনামিয়া, মধুপুর উপজেলার শামীম এবং ঘাটাইল অস্টোচল্লিশা এলাকার আলমগীর হোসেন।
স্থানীয়রা জানান, নিহত ওই তিনজন মোটরসাইকেল যোগে টাঙ্গাইল থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়।
এ বিষয়ে ঘাটাইল থানার এসআই বাবুল হোসেন বলেন, নিহতদের লাশ ঘাটাইল থানায় নেয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।