আহমদ মাজহারুল হক : ফাল্গুন এবং চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। তাই বসন্ত ষড়ঋতুর শেষ ঋতু। বসন্ত ঋতুর আগমন ঘটে শীত চলে যাবার পর এবং গ্রীষ্ম আসার আগে। গ্রীষ্মমন্ডলীয় এলাকায় তাপমাত্রা বাড়তে থাকে। কারণ পৃথিবী সূর্যের দিকে হেলে থাকে। পৃথিবীর অনেক প্রান্তে এই ঋতুতে ফুল ফুটে, নতুন গাছের পাতা গজায়, নতুন গাছের জন্ম হয়।
বসন্তে ফোটা ফুল গুলি হলো, অশোক, আক আড়কাঁটা, হিমঝুরি, ইউক্যালিপটাস, রক্ত কাঞ্চন, কুরচি, কুসুম, গাব, গামারি, গ্লিরিসিডিয়া, ঘোড়ানিম, জংলী বাদাম, জ্যাকারান্ডা, দেবদারু, নাগেশ্বর, পলক জুঁই, পলাশ, পাখি ফুল , পালাম, বুদ্ধ নারিকেল, মণিমালা, মহুয়া, মাদার, মুচকুন্দ, রুদ্র পলাশ, শাল, শিমুল, স্বর্ণশিমূল, ক্যামেলিয়া ইত্যাদি।
এ ঋতুতে ভ্রমরের গুঞ্জনে, কোকিলের কুহুতানে আর পাপিয়ার পিউ পিউ ডাকে চারদিক মুখরিত হয়। সাজ সাজ রব পড়ে যায় প্রকৃতিতে। শেষ বিকালের গোলাপি আলো মিলিয়ে যেতে না যেতেই দূর আকাশে চোখ মেলে সন্ধ্যা তারা। রাত নামে। আকাশে তখন লক্ষ তারার মেলা। তাই দেখে জোনাকিরাও বুঝি তারা হতে চায়।
আশ্চর্য সুন্দর বসন্ত রাতের দৃশ্য শুধু চোখই জুড়ায় না, মনও কাড়ে। প্রকৃতি যেন নববধূর সাজে সজ্জিত হয়। প্রকৃতির এরূপ লাবণ্য মানব মনকে দোলা দেয়। বসন্তের রূপ সৌন্দর্যে বিমুগ্ধ কবির কণ্ঠে শুনি— ‘মহুয়ার মালা গলে কে তুমি এলে/নয়ন ভোলানো রূপে কে তুমি এলে।’
বসন্ত ঋতু সবদিক থেকে জনজীবনের জন্য নিরাপদ সময়। এ সময় খোলা আকাশের নিচে রাত কাটানো যায়। লেপ-কাঁথা ছাড়া শোয়া যায় যেখানে খুশি সেখানে। প্রকৃতির কাছে এ নিরাপত্তা পেয়ে মানুষ বিভিন্ন প্রকার অনুষ্ঠানাদির আয়োজন করে। বিভিন্ন স্থানে শুরু হয় ধর্মসভা। বিবাহ অনুষ্ঠান ও বউ ভাতের আয়োজন হয় শহর-গ্রামে সর্বত্র। বছরের সব মেলামোদিনী গান সার্কাসের আয়োজন হয় এ ঋতুতেই। উন্মুক্ত আকাশের নিচে পসরা সাজিয়ে বসে কত দোকানপাট। কেউ কেউ নিজেকে ফুল দিয়ে সাজিয়ে বেরিয়ে পরে পথ ঘাটে। তাই কবি বলেছেন,”বাতাসের সাথে শিমূলের প্রেম হয়ে বসন্ত এসেছে”।
লেখক : সাংবাদিক ও কলামিস্ট।।