পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে উজ্জ্বল কর্মকার নামের এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছন অন্তত আরো ৩জন। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
নিহত উজ্জ্বল কর্মকার উপজেলার কালাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিনেমা হল সড়কের বাসিন্দা ও পেশায় স্বর্ণ ব্যবসায়ী।
ঘটনায় আহতরা হলেন, দাসপাড়া ইউনিয়নের শামীম হাওলাদার, ডালিমা গ্রামের মিজানুর রহমান। এঘটনায় আহত ফিরোজ গাজী ও তার ভাই আজাদ গাজীকে আটক করেছে পুলিশ।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ই এম নাঈম সাকিব জানান, একজনকে মৃত আনা হয়েছে এবং বাকি তিন জন আহত রয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, তদন্তের স্বার্থে আমরা এখন কিছু বলবোনা। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।