যশোর প্রতিনিধি : ভারত থেকে আসা বন্ধন এক্সপ্রেস ট্রেন থেকে বিদেশি মদসহ ৫০ হাজার কার্টুন সিগারেট জব্দ করেছে কাস্টমস হাউসের কর্মকর্তারা।
রোববার দুপুরে বেনাপোল রেল স্টেশন এলাকায় বন্ধন এক্সপ্রেস ট্রেন থেকে ভারতীয় এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।
সিগারেট ও মদগুলো একটি চোরাচালান ট্রেনে করে পাচার করছিল বলে কাস্টমস সূত্র জানায়।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আ: রশিদ মিয়া জানান, ভারত থেকে বন্ধন এক্সপ্রেস ট্রেনযোগে বিপুল পরিমাণ সিগারেট ও মাদক দ্রব্য পাচার হয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস’র একটি দল ট্রেনে অভিযান চালানো হয়। অভিযানে ৯ লাখ টাকা মূল্যের ৫০ হাজার কার্টুন বেনসন ও এজ লাইট সিগারেটসহ ১৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে।
এ ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। রাজস্ব সুরক্ষার স্বার্থে কাস্টমস এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।