জ্যেষ্ঠ প্রতিবেদক : পুলিশ না হয়েও পুলিশের এসআই পরিচয়ে প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. মাসুদ রানা নামের একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার পুলিশ।
গতকাল রোববার (৮ মে) উত্তরা পশ্চিম থানার কামারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি মুহাম্মদ মাসুদ আলম জানান, কামারপাড়া গোলচত্বর এলাকায় ডিউটি করার সময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় পরিচয় জানতে চান দায়িত্বরত সার্জেন্ট কনক কান্তি ভৌমিক।
এ সময় ওই লোক নিজেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় কর্মরত কনস্টেবল হিসেবে পরিচয় দেন। তার কাছে থাকা পুলিশ আইডি কার্ডে এসআই (ইউবি) লেখা ও আইডি কার্ডে বিপি নম্বর এবং জন্ম তারিখের গরমিল পাওয়া যায়। তখন তাকে কামারপাড়া ট্রাফিক পুলিশ বক্সে আনতে চাইলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, ইসলামী ব্যাংকের একটি ডেভিট কার্ড, দুটি মোবাইল ফোনসেট ও জাতীয় পরিচয়পত্রের কপি উদ্ধার করা হয়। গ্রেফতারর মাসুদ রানার মোবাইল ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের পোশাক পরিহিত বিভিন্ন ছবি ও ভিডিও পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে উত্তরা পশ্চিম থানার ওসি জানান, মাসুদ রানা পুলিশের পোশাক পরিহিত ছবি দিয়ে ইমো আইডি খোলেন। এরপর বিভিন্ন লোকের কাছ থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন। উত্তরা পশ্চিম থানার মামলায় মাসুদকে আদালতে পাঠানো হয়েছে।
বর্তমান সংবাদ/আরআর/টিএ