মো: রাশেদ হোসেন, সাতক্ষীরা : চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন সাতক্ষীরার কলারোয়ায় আগুনে দগ্ধ ভ্যানচালক আব্দুল কাদের।
বৃহষ্পতিবার (১লা জুন) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।
চন্দনপুর ইউপি’র সদস্য মো: আব্দুল্লাহ জানান, আগুনে দগ্ধ হয়ে ঢামেকের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আছেন কাদেরের স্ত্রী ও শিশু কন্যাও। তার স্ত্রীর অবস্থাও আশংকাজনক।
নিহত কাদের কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের আহাদ আলীর পুত্র।
চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, ‘শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হেরে যেয়ে না ফেরার দেশে চলে গেলেন আব্দুল কাদের। কাদের, তার স্ত্রী ও কন্যা অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ‘আব্দুল কাদেরের বোন সুফিয়া বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সোহাগকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মুল অভিযুক্ত সবুজকে আটকের চেষ্টা চলছে।’ এ ঘটনায় ওই দিনই অভিযুক্ত সবুজের সহযোগি বন্ধু কাঁদপুর গ্রামের আব্দুল মান্নান বিহারীর পুত্র সোহাগ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
পরিবার ও মামলার নথির বরাতে ওসি মোস্তাফিজ জানান, গত ২৮ মে (রবিবার) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার চন্দনপুর গ্রামে ছোটবোনের স্বামীর দেয়া পেট্রোলের আগুনে ঘুমন্ত অবস্থায় মারাত্মক অগ্নিদগ্ধ হন আব্দুল কাদের (৩০), তার স্ত্রী শারমিন খাতুন (২৫) ও শিশু কন্যা ফাতেমা (৭)।
বিরোধের জের ধরে ছোট বোনের স্বামী যশোরের শার্শা উপজেলার নারায়নপুর পোড়াবাড়ি এলাকার আব্দুল বারীর ছেলে সবুজ হোসেন গভীর রাতে আব্দুল কাদেরের টিনশেডের ঘরের দরজায় বাইরে থেকে তালা বদ্ধ করে জানালা দিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা ওই ৩ ব্যক্তির উপর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে মারাত্মকভাবে ঝলসে যায় তিনজনই। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো
হয়। সেখানেই ১জুন বৃহষ্পতিবার মারা যান আব্দুল কাদের।
এদিকে, কাদেরের বোন সুফিয়া জানান, ‘তার স্বামী সবুজ তাকে নির্যাতন করে। এজন্য সে স্বামীর ঘর করতে চান না। কিন্তু সবুজ তাকে নিয়ে যাওয়ার জন্য জোর
করতো।