জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও এলাকা থেকে বিস্ফোরক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাজন মিয়াকে (৪১) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
শনিবার (১ এপ্রিল) রাজধানীর খিলগাঁও থানাধীন খিদমাহ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার বিস্ফোরক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজন মিয়াকে আটক করা হয়েছে।
আটক রাজনের বিরুদ্ধে ২০০৬ সালে করিমগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়।
২০১৪ সালে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তার যাবজ্জীবন সাজা দেন। এরপর থেকে রাজন দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিলেন।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আর আর/ টিএ