নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের শার্শায় মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ইকবাল হোসেন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই মনিরুজ্জামান (৪৫)।
রোববার সকালে উপজেলার গোড়পাড়া বিশ্বাসবাড়ী শাহজান বিশ্বাসের বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন শার্শার গোকর্ণ গ্রামের মিজানুর রহমানের ছেলে।
নিতের স্বজনরা জানান, ঈদের ছুটিতে নিজ বাড়িতে বেড়াতে আসেন ইকবাল। ছুটি সীমিত হওয়ায় নিজ কর্মস্থলে যাওয়ার জন্য বড় ভাইয়ের সাথে মোটরসাইকেল যোগে কাউন্টারে যাচ্ছিলেন।
পথে গোড়পাড়া বিশ্বাসবাড়ীর সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে মোটরসাইকেল আরোহী ও চালক দুই ভাই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।
নিহত ইকবাল হোসেন কাশেম গ্রুপ অফ ইন্ডাষ্ট্রিজ এর বর্তমান ডাইরেক্টর ছিলেন। বড় ভাই মনিরুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সহ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করেছে।
নিহত ইকবাল হোসেন এর বড় ভাই মনিরুজ্জামান বলেন, ঈদের ছুটি শেষে ছোট ভাই ঢাকাতে ফিরে যাচ্ছিলো। কর্মস্থলে আর ফেরা হলো না তার। একেবারে সকলে ছেড়ে না ফেরার দেশে চলে গেলো।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক লক্ষিনদর বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে নিয়ে আসার সময় পথেই ইকবাল হোসেন নামে এক জনের মৃত্যু হয়। মনিরুজ্জামান নামে অপর একজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
বর্তমান সংবাদ/এআর/টিএ