বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হোক সবাই চায়-স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৮৬ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৫৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হোক সেটি সবাই চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা সবাই জানুক, এটি সবাই চায়। দ্রুত এ বিষয়টির তদন্ত শেষ করার জন্য র‌্যাবকে নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।

সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ডিআরইউ স্মারকলিপি দিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বিচার তো আমরা করতে পারব না, আমরা তদন্ত রিপোর্ট দিতে পারব।

‘আমরা চেষ্টা করছি, অনেক বছর হয়ে গেছে। আমরাও চাই এ রহস্য উন্মোচিত হোক। উদীয়মান এই দুই সাংবাদিক, যাদের অনেক প্রতিভা ছিল, তারা দেশকে অনেক কিছু দিতে পারত।’ ‘তারা আমাদের মধ্য থেকে চলে গেছেন। আমরাও চাই কেন এই হত্যকাণ্ড হয়েছে, সেটি উদঘাটনের,’ যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ডিআরইউর স্মারকলিপি আমি র‌্যাবের ডিজিকে এখনই পাঠিয়ে দিচ্ছি। তাদের দ্রুত একটা কিছু জানানোর নির্দেশনা দেবো।

‘আমরা চেষ্টা করছি রহস্য উদঘাটনের। সাংবাদিক নেতাদেরকেও বলেছি আপনাদের কাছেও যদি কোনো তথ্য থাকে সেগুলো আমাদের জানালে আমরা সেটিও দেখব।’

স্মারকলিপিতে আর কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে সাগর-রুনি হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত খুনিদের মুখোশ উন্মোচনের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে জোর দাবি জানানো হয়।

এসময় ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, দফতর সম্পাদক কাওসার আজম ও কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসাইন রাসেল উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর