ধামরাই : বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করে আসছে। এই ঐক্য ও ভ্রাতৃত্বই আমাদের সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আসাদুল ইসলাম মুকুল।
ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের নাম্রাইপ এলাকায় হিন্দু সম্প্রদায়ের এক ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে তার বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, এ ধরণের আয়োজন সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে এবং পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বৃদ্ধি করে। সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন তিনি।
মুকুল এসময় ওসমান হাদির ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “রাজনৈতিক মতভিন্নতার কারণে সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। ওসমান হাদির ওপর যে হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই। এনসিপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে।”
তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টি মনে করে—দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের সরাসরি মতামতের ভিত্তিতেই হওয়া উচিত। তাই আমরা গণভোটের পক্ষে। ভোটাররাই হবেন চূড়ান্ত সিদ্ধান্তের মালিক। একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জনগণের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার কোনো বিকল্প নেই।”
“ভোটারদের প্রতি আমাদের আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা আরো বলেন, “আপনারা ভয় নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নেবেন। গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখবেন। এনসিপি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনসিপির ধামরাই উপজেলার প্রধান সমন্বয়কারী ইসরাফিল খোকন, যুগ্ম সমন্বয়কারী নাজমুল হক, উজ্জল ইসলাম, যাদবপুর ইউনিয়নের প্রধান সমন্বয়কারী মোশাররফ হোসেন, যুগ্ম সমন্বয়কারী মিয়া চান, উপজেলা নেতৃবৃন্দ এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।