আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের গলায় ক্ষতের চিহ্ন রয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। এর আগে, ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা।
তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার আনুমানিক বয়স ২৫ বছর।
পুলিশ জানায়, ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা। পরে তাকে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তার গলায় ক্ষতের চিহ্ন রয়েছে। তবে এটা গুলির চিহ্ন না অন্য কিছুর আঘাত পুলিশ তা তাৎক্ষণিক জানাতে পারেনি।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, শরীরে ক্ষত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গুলিও হতে পারে বা ধারালো অস্ত্রের আঘাতও হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এটি গুলিবিদ্ধ না ধারালো অস্ত্রের আঘাত তা জানা যাবে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।