আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় বিএনপির এক অফিসে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় বিএনপির ৫জন নেতাকর্মী আহত হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার মুজারমিল এলাকার স্ব-নির্ভর ধামসোনা ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ড কার্যালয়ে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
আহতরা হলেন, আশুলিয়া থানা বিএনপির ৫ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ও মধুপুর এলাকার বাসিন্দা মোহর আলী (৫০), আশুলিয়া থানা যুবদলের সদস্য ও আশুলিয়ার তালপট্রি এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম (৩৬) সহ আহত হয়েছে অন্তত ৫জন।
আহতরা জানান, সকাল থেকেই প্রতিদিনের মত আশুলিয়ার স্ব-নির্ভর ধামসোনা ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ড কার্যালয়ে বসে কথা বলছিলেন নেতাকর্মীরা। হঠাৎ দুপুর সাড়ে ১২ টার দিকে আশুলিয়া থানা আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড সদস্য মোশারফ হোসেন, আশুলিয়া থানা যুবলীগের সদস্য তাহের দেওয়ান, তন্ময় এবং মাদক ব্যবসায়ী তাহের, আলিম ও জহিরের নের্তৃত্বে ১৫/২০ জন আওয়ামী লীগের নেতাকর্মী দেশীয় অস্ত্রসস্ত্রে অতর্কিত হামলা চালায়। হামলায় পুরো অফিসে ভাংচুর করে। এসময় বাঁধা দিতে গেলে আশুলিয়া থানা বিএনপির ৫ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহর আলী, থানা যুবদল সদস্য শফিকুল ইসলাম সহ আহত হয় অন্তত ৫ জন। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তাদের জানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে দুইজনকে ভর্তি রেখে তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, বিএনপি অফিসে হামলার ঘটনা শুনে সেখানে ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।