সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

বাউফলে জেলেকে পিটিয়ে জখমের অভিযোগ

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) / ১৬৩ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ

বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে মনির হাওলাদার (৩৬) নামের এক জেলেকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার (১৭ মে) বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। এর আগে, সকালে তেঁতুলিয়া নদীতে মাছ কেনাকে কেন্দ্র করে মারধরের এ ঘটনা ঘটে।

অভিযুকরা হলেন, বেল্লাল মোসলমান (৪৫) ও কামরুল মোসলমান (৩৫)। তারা একই এলাকার বাসিন্দা।

অভিযোগ থেকে জানা যায়, উপজেলার ধুলিয়া ইউনিয়নের কালাইয়া বাদ্যপাশা চর এলাকার বাসিন্দা মনির সকালে তেঁতুলিয়া নদীতে মাছ ধরছিলেন। এসময় একই এলাকার বেল্লাল মোসলমান ও কামরুল মোসলমান তার কাছ থেকে মাছ কিনতে চান। কিন্তু মনির মাছ বিক্রি করবেন না বলে জানিয়ে দেন। পরে একপর্যায়ে জোরপূর্বক মাছ ক্রয় করে তারা। পরে মাছের ন্যায্য মূল্য দাবি করলে টাকা না দিয়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা দিয়ে মনিরকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। এসময় তার মাছ ধরার ট্রলার ভাংচুর করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

ভুক্তভোগী মনির হাওলাদার ‘বর্তমান সংবাদ’কে জানান, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। নদীতে মাছ ধরতে গেলে ট্রলার ও জাল ছিনিয়ে নেওয়ার পাশাপাশি গুম ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তবে চেষ্টা করেও এ ঘটনায় অভিযুক্ত কারো বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর