বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

বিদেশে যারা সম্পদ গড়ছে তাদের শনাক্ত করা হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৬৬ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা বিদেশে টাকা পাচার করেছে, বিভিন্ন দেশে সম্পদ গড়েছে, তাদের শনাক্ত করার কাজ চলছে। তাদের আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সিআইডি সদর দফতরে মানি লন্ডারিং প্রতিরোধ ও ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সিআইডি প্রধান মোহাম্মদ আলীর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এসবির প্রধান মনিরুল ইসলাম অনুষ্ঠানে অংশ নেন।

বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা অবৈধ টাকা পাচার করে সম্পদ গড়েছে বলে গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে। এ বিষয়ে সরকার টাকা ফেরত আনা কিংবা তাদের শনাক্ত করার বিষয়ে কি উদ্যোগ নেয়া হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘শনাক্তকরণের প্রক্রিয়া কিন্তু চালু রয়েছে, এটা বন্ধ নেই। যেই অবৈধভাবে বিদেশে টাকা পাচার করছে, আমরা তাকেই শনাক্ত করছি। জোর গলায় বলতে পারব না, কে কত টাকা নিয়েছে, কীভাবে নিয়েছে। তদন্ত চলছে। সেভাবেই ব্যবস্থা নেয়া হবে।’

বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির ঘটনার মামলার চার্জশিট জমা দেয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে ওই ঘটনায় সংশ্লিষ্ট দুই দেশ চীন ও শ্রীলঙ্কার তদন্ত রিপোর্ট এখনো পায়নি তদন্তকারী সংস্থা। এ জন্য মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে অপেক্ষা করছে তারা। ওই দুই দেশের মতামত আসলেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। অজ্ঞাতনামা ব্যক্তিরা সুইফট পেমেন্ট পদ্ধতিতে প্রতারণার আশ্রয় নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ওই বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেয়।

এ অর্থ ফিলিপাইনের মাকাতি শহরে রিজাল ব্যাংকের শাখায় চারটি অ্যাকাউন্টে যায় এবং সেখান থেকে দ্রুত টাকা উত্তোলন করা হয়। পরে বিভিন্ন সময় ১ কোটি ৫০ লাখ ডলার ফেরত আসে। এখনও ৬ কোটি ৬০ লাখ ডলার উদ্ধার হয়নি।

ঘটনার ৩৯ দিন পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মতিঝিল থানায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি, মানি লন্ডারিং ও সাইবার অপরাধ দমন আইনের ধারায় মামলা করা হয়। পরে ওই মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে।

মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রিজার্ভ চুরির সময় বাংলাদেশ ব্যাংকের অন্তত ১৩ জনের গাফিলতি, অবহেলা ও দায় ছিল।

রিজার্ভ থেকে অর্থ চুরির তথ্য বাংলাদেশ ব্যাংক একদিন পর জানতে পারলেও তা ২৪ দিন গোপন রাখে। ৩৩তম দিনে বাংলাদেশ ব্যাংক বিষয়টি অর্থমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে জানায়। বিষয়টি জানাজানি হলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিনের নেতৃত্বে একই বছরের ১৫ মার্চ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে সরকার।

আর আর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর