স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ী থেকে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওবায়দুল হক ওরফে লাজু (৪০)কে গ্রেফতারভকরেছে র্যাব। তিনি মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
শনিবার (১১ ফেব্রুয়ারি) এই তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। এর আগে, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ২০১৬ সালে ঢাকার শাহজাহানপুর থানায় ওবায়দুলের বিরুদ্ধে মাদক মামলা হয়। সেই মামলায় গ্রেফতার হয়ে চার মাস জেল খেটে জামিনে মুক্ত হন ওবায়দুল। এরপর তিনি মামলার কোনো শুনানিতে হাজির হননি।
পরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের আগস্ট মাসে আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেন। জামিনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে পলাতক জীবন-যাপন করে আসছিলেন তিনি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
আর আর/টিএ