ঝিনাইদহ : ঝিনাইদহে এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি রিপন মিয়াকে (২২) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহের শৈলকূপার চন্ডিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত রিপন রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা।
ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, স্কুলে যাওয়া আসার পথে দেড় বছর ধরে রিপন ভুক্তভোগীকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। কুপ্রস্তাবে রাজী না হওয়ায় আসামি স্কুলছাত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল যোগে তাকে অপহরণ করে বাড়িতে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। এ বিষয়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে রংপুর জেলার পীরগাছা থানায় আসামির বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত রিপন।
তিনি আরো জানান, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই মামলার প্রধান আসামি রিপনকে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার চন্ডিপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে রিপন উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।