বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

রক্ত দিয়ে ভাষার অধিকার আদায় করেছিল বাঙালি: প্রধানমন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৮১ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪০ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রক্ত দিয়ে ভাষার অধিকার আদায় করেছিল বাঙালি। তাই যারা ভাষা নিয়ে দৈন্যতায় ভুগছেন, তাদের বাংলা ভাষার ইতিহাস জানা প্রয়োজন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, আজ আমাদের মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতি রক্ত দিয়ে মা ডাকার অধিকার পেয়েছিল আজকের এই দিনে। জাতিকে ধ্বংস করার জন্য সংস্কৃতির ওপর অনেক আঘাত আনা হয়েছিল। আমাদের ভাষা পাল্টে দিয়ে অন্য ভাষা তুলে ধরা হয়েছিল।

ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘করাচিতে ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে একটি শিক্ষা সম্মেলন করা হয়েছিল। সেখানে সিদ্ধান্ত নেয়া হয় উর্দুকে রাষ্ট্র ভাষা করা হবে। এ খবর আসার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাৎক্ষণিক প্রতিবাদ করে। তখন এভাবে প্রতিবাদ শুরু হয়। ভাষার জন্য আমাদের আন্দোলন, সংগ্রাম অব্যাহত ছিল।’

ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের মানুষের কাজের সুবিধার জন্য আমরা ৯টি ভাষার একটি অ্যাপ করে দিয়েছি। ডিজিটাল সিস্টেমে যে কেউ যেন ভাষা শিখতে পারে, আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি।’

শেখ হাসিনা বলেন, ‘শিশুরা তাড়াতাড়ি ভাষা শিখতে পারে। তারা একসঙ্গে দুই-তিনটা ভাষা দ্রুত শিখে নেয়। তবে কোন্‌টা ধারণ করবে সেটা আসে পরে। মাতৃভাষায় শিক্ষাটা হলে সবকিছু জানা, বোঝা ও উপলব্ধি প্রকাশ করার উপকার অনেক বেশি।’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর