নিজস্ব প্রতিবেদক, সাভার : ঢাকার আশুলিয়ায় ঐতিহ্যবাহী বংশী নদীর তীর দখল করে অবৈধভাবে গড়ে উঠা ৯১টি স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন।
রোববার (১২ মার্চ) সকাল থেকে আশুলিয়ার নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে বংশী নদীর তীর দখলমুক্ত করা হয়।
অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মোঃ আদনান চৌধুরী ও সুবির কুমার দাশ৷ তাদের সাথে সহায়তা করছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, উচ্চ আদালতের নির্দেশে এবং জেলা প্রশাসকের নির্দেশনায় বংশী নদীর পাশে অবৈধভাবে গড়ে উঠা যে স্থাপনাগুলো ছিলো সেগুলোর মালিককে ইতিপূর্বে নোটিশ দেয়া হয়েছিল। তারা নিজ দ্বায়িত্বে কিছুটা সরিয়ে নিয়েছে। আর পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজকে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, ফায়ারসার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আমরা বাকি কাজটুকু শেষ করছি।
আমরা ধারণা করছি এর মাধ্যমে প্রায় ৫০ শতাংশ নদীর জমি উদ্ধার হবে এবং এছাড়াও যে অন্যান্য খাস জমি রয়েছে সেগুলোও দখল মুক্ত হবে। নদীর পাশে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। সরকারি কোনো জায়গা অবৈধভাবে দখলের কোনো সুযোগ নেই। আজ যেভাবে দখল মুক্ত করেছি আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সুবির কুমার দাশ বলেন, দীর্ঘদিন ধরে বংশী নদীর তীরে ৫০ শতাংশ জমিতে অবৈধ স্থাপনা করে প্রায় ৯১টি দোকান পরিচালনা করে আসচ্ছিলো একটি মহল। ঢাকা জেলা প্রশাসকের নির্দেশনায় এই অভিযান পরিচালনা হচ্ছে। আজ দিনব্যাপী অভিযানে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।