নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের শিবচরে ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২০ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এ ছাড়া দুর্ঘটনার সঠিক কারণ জানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টায় মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেন। নিহতের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা ও আহত যাত্রীদের পরিবারকে পাঁচ হাজার টাকা করে সহযোগিতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক রহিমা খাতুন বলেন, দুর্ঘটনার বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) পল্লক কুমার হাজরাকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা থাকবে। আগামী দুই কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে দুর্ঘটনার মূল কারণ, কাদের গাফিলতিসহ বিস্তারিত অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
রহিমা খাতুন আরো বলেন, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের দাফন কাফনের জন্য তাদের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে আহত ব্যক্তিদের চিকিৎসা খরচের জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হবে।