বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

রমজানে রাজধানীর ২০ স্থানে কম দামে দুধ, ডিম ও গরুর মাংস

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৩৯ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৭:৩৫ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : পবিত্র রমজান উপলক্ষে বৃহস্পতিবার থেকে রাজধানীর ২০টি স্থানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, আগামী ২৩ মার্চ বিকেল ৩টায় রাজধানীর প্রাণিসম্পদ অধিদফতর প্রাঙ্গণে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। রাজধানীর ২০টি স্থানে ১ থেকে ২৮ রমজান পর্যন্ত চলবে এ কার্যক্রম।

এর মাধ্যমে প্রতি কেজি গরুর মাংস ৬৪০ টাকা, খাসির মাংস ৯৪০ টাকা, ড্রেসড ব্রয়লার ৩৪০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতিটি ১০ টাকা মূল্যে বিক্রি করা হবে।

মাংস, দুধ ও ডিমের সরবরাহ এবং মূল্য স্থিতিশীল রাখাতে রমজানে জনসাধারণ যেন সহজেই প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা মেটাতে পারে, সে লক্ষ্যে ব্যবসায়ী, উৎপাদনকারী ও সাপ্লাই চেইনসংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাণিসম্পদ অধিদফতর এ ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন করবে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন জানান, রোজায় ‘কম দামে’ জনগণের প্রোটিন গ্রহণের সুবিধার্থে এবং সরবরাহ শৃঙ্খলা বজায় রাখতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। গত ১৯ মার্চ অনুষ্ঠিত এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়।

যেসব স্থানে বিক্রি হবে:
সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোড, খামারবাড়ি, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি, মিরপুর ষাট ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, আরামবাগ, নতুনবাজার, মিরপুরের কালশী, খিলগাঁও রেলগেট, নাখালপাড়ার লুকাস মোড়, সেগুনবাগিচা কাঁচাবাজার, মোহাম্মদপুরের বসিলা, উত্তরার দিয়াবাড়ি, যাত্রাবাড়ী, গাবতলী, হাজারীবাগ, বনানীর কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর ও রামপুরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর