নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর : স্বামীর নির্যাতনে জেনিয়ারা খাতুন (২২) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে অভিযোগ পাওয়া গেছে৷
সোমবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জেনিয়ারা উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের শরিফুল ইসলাম ওরফে শরিফ।
অভিযোগে জানা গেছে, শরিফুল ইসলাম ওরফে শরিফ বেশ কয়েক বছর পর সম্প্রতি সৌদি থেকে বাড়ি ফিরেছেন। তার বাড়ির পাশের এক নারীর সাথে পরকিয়া সম্পর্ক ছিল। এতে প্রায়ই দাম্পত্য কলহে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতো শরিফ। এর জের ধরে স্ত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠে। তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়ায় শরিফের বিচার দাবি করেছেন নিহতের মা।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, দুপুরে স্বামীর বাড়িতে বিষপান করে আত্মহত্যা করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিলেও তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়া নেওয়ার পথে বামন্দী এলাকায় তার মৃত্যু হয়।
নিহত গৃহবধুর মা শরিফা খাতুন এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে সংশয় থাকার কথা উল্লেখ করেছেন অভিযোগে।
অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া করছে। মেয়ের মৃত্যুর জন্য জামাই শরিফের পরকিয়া দায়ী করে তিনি বলেন, প্রায়ই শরীফ তাকে শারীরিকভাবে নির্যাতন করতো। তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে শরিফ।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। নিহত গৃহবধুর মায়ের অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেএ/টিএ