ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপের ধাক্কায় ভ্যানে থাকা যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
মঙ্গলবার (২৮ মার্চ) সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগারমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার বিষয়খালী গ্রামের ছাবদার আলী (৫০) ও তার স্ত্রী পারভীনা (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভ্যানে করে কালীগঞ্জ থেকে যশোরের দিকে যাচ্ছিলেন স্বামী-স্ত্রীসহ চারজন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে চারজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভীনা খাতুনকে মৃত ঘোষণা করেন এবং ছাবদার আলীকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।