নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার ও দোয়া মাহফিল গতকাল শনিবার শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।
প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম বলেন গাজীপুর মহানগরকে একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধন মডেল সিটি হিসেবে গড়ে তুলতে আমাদের দলীয় মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানের বিকল্প নেই। তাই দেশের সর্ববৃহৎ এ সিটির যাতায়াত, যোগাযোগ ও জননিরাপত্তাসহ সকল সমস্যা থেকে উত্তরণের জন্য আসন্ন নির্বাচনে তিনি মাওলানা গাজী আতাউর রহমানকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান তার বক্তব্যে বলেন, গাজীপুরের মানুষ দেশপ্রেমিক এবং সাহসী। মহান মুক্তিযুদ্ধে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার আগেই গাজীপুরের মানুষ সবার আগে সর্বপ্রথম সশস্ত্র সংগ্রাম শুরু করেছেন। মুক্তিযুদ্ধের অবিসংবাদিত সংগঠক গাজীপুরের মানুষের প্রিয় নেতা গাজীপুরের গর্বিত সন্তান বঙ্গতাজ শহীদ তাজউদ্দীন আহমদ ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সশস্ত্র মুক্তিযুদ্ধের সূচনা যেমন গাজীপুর থেকে হয়েছে তেমনি বাংলাদেশের রাজনীতিতে গুণগত
পরিবর্তনের সূচনাও গাজীপুর থেকেই হবে ইনশাল্লাহ।
তিনি বলেন, আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের প্রধান কাজ হল গাজীপুরের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর সভাপতি মুহাম্মদ ফাইজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি- মাওলানা নেসার উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঢাকা বিভাগীয় সংগঠনিক সম্পাদক জি.এম. রুহুল আমীন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলা আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মুফতি নাসির উদ্দিন, জেলা দ্বিনী সংগঠন ছদর আব্দুল মালেক, নগর আন্দোলনের সহ-সভাপতি মাওলানা হাবীবুর রহমান মিয়াজী, সহ-সভাপতি মাওলানা এম এ হানিফ সরকার, সেক্রেটারি মুফতী হুসাইন আহমদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আলী আকবর, এসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব মিজানুর রহমান মিজান, বামুক জেলা সাধারণ সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক কাজী মোঃ আলী হায়দার, আন্দোলনের নগর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইদুর রহমান, নগর শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ ইকবাল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, নগর যুব আন্দোলনের সভাপতি মুফতী ফরহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম চৌধুরী ও বিভিন্ন থানা নেতৃবৃন্দ।
বর্তমান সংবাদ/এমএইচ/টিএ