সাভার সংবাদদাতা : আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে মাহিম নামের দুই বছরের এক শিশু। ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ নিখডায়েরী (নং ১৯৮) করেছেন নিখোঁজের বাবা আজগর হোসেন।
সোমবার (১০ এপ্রিল) সকালে আশুলিয়া প্রেসক্লাবে এসে নিখোঁজের বাবা গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান। এর আগে গেল ২ এপ্রিল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার তার নানা মিরজল হোসেন মিঠুর বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু মাহিম।
নিখোঁজ মাহিম গাইবান্ধা সদর উপজেলার গিদারী এলাকার আজগর হোসেনের ছেলে। সে আশুলিয়ার পলাশবাড়ী ময়লাপট্রি এলাকার খোরশেদ আলমের ভাড়া বাসায় বাবা মায়ের সাথে বসবাস করতো।
নিখোঁজের বাবা আজগর হোসেন জানান, ঘটনার দিন তার শিশু পুত্র অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশের রাস্তায় খেলা করছিল। হঠ্যাৎ দীর্ঘ সময় পার হলেও সে বাসায় না আসায় তার মা তাকে আনতে যায়। কিন্তু সেখানে তাকে না পেয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়না। পরে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরী করেন তিনি।
এব্যাপারে আশুলিয়া থানার এস আই মিলন ফকির জানান, শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরী করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
বর্তমান সংবাদ/টিএ