বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

সাভারে বেভারেজ কারখানা সিলগালা, ৩৫ লাখ টাকার পণ্য জব্দ

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৫১ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ১১:৫৬ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, সাভার : ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে একটি বেভারেজ কারখানা সিলগালা করে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৭ কর্মচারীকে সাজা দিয়েছে বাংলাদেশের স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এসময় ৩৫ লাখ টাকার অনুমোদনহীন চিপস, ললিপপ ও কেকসহ বিভিন্ন শিশু খাদ্য জব্দ করা হয়।

বুধবার (১২ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার দোসাইদ এলাকার এগ্রোলী ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অভিযান পরিচালনা করে বিএসটিআই।

বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, ওই এলাকায় কারখানাটি  চিপস, ললিপপ, কাস্টার্ড কেক, চানাচুরসহ বিভিন্ন শিশু খাদ্য উৎপাদন  করছিলো।  এসব পণ্য উৎপাদনের ক্ষেত্রে তাদের বিএসটিআই’র কোন অনুমোদন ছিল না। এছাড়া অনুমোদন ছাড়াই  বিদেশী ব্র্যান্ডের টুথপেস্ট, শ্যাম্পু ও হেয়ারজেল বিভিন্ন কসমেটিকস পণ্য মজুদ রেখেছিলো তারা।  গোপন সংবাদের ভিত্তিতে আজ কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআই’র সহকারী পরিচালক জিসান আহমেদ তালুকদার জানান, কারখানাটিতে পাঁচ প্রকারের পণ্যের অনুমোদন আমরা পাইনি। তাদের উৎপাদিত প্রায় ৩৫ লাখ টাকার পণ্যসহ কারখানাটি সিলগালা করা হয়েছে। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার কারখানাটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন। অনাদায়ে কারখানার মালিক সাইদুর রহমান অনুপস্থিত থাকায় সাত কর্মচারীকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব সরদারের নেতৃত্বে বিএসটিআই’র সহকারী পরিচালক জিসান আহমেদ তালুকদারসহ কর্মকর্তাবৃন্দ অংশ নেয়। এসময় এপিবিএন-৫ এর  সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

বর্তমান সংবাদ/কেএসটি/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর