শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

ডা: জাফরুল্লাহর মরদেহ পৌছেছে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে

বর্তমান সংবাদ ডেস্ক : / ২১১ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ১১:১২ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছেছে বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদ্যপ্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গণস্বাস্থ্য কেন্দ্রে ফ্রিজার ভ্যানে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। এরআগে বিকাল ৪টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে চতুর্থ জানাজা শেষে সাভারের উদ্দেশ্যে রওনা দেয় জাফরুল্লাহ চৌধুরীর লাশবাহী গাড়ি।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী ডা. মঞ্জুর কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সাভারে পৌঁছালেও আজ রাতে আর কোনো আনুষ্ঠানিকতা নেই।

তিনি জানান, শুক্রবার সকাল ১০টা থেকে শ্রদ্ধা জানাতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ পিএইচএ ভবনের সামনে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এরপর গণস্বাস্থ্য কেন্দ্রে জুমার নামাজের পর পিএইচএ মাঠে আরেকটি জানাজা শেষে তাকে গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের পাশে দাফন করা হবে।

এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টায় বারডেম হাসপাতালের হিমঘর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর দুপুর ২ টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জাফরুল্লাহর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল গুরুতর অসুস্থ অবস্থায় ডা. জাফরুল্লাহকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় কয়েকদিন ধরে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। গত ১১ এপ্রিল রাত ১১টায় ডা. জাফরুল্লাহ মারা যান।

ডা. জাফরুল্লাহ বহু বছর ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পর লিভারের সমস্যাও দেখা দেয় তার। এ ছাড়া তিনি অপুষ্টিসহ সেপটিসেমিয়ায় আক্রান্ত ছিলেন।

 

বর্তমান সংবাদ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর