সিরাজগঞ্জ থেকে সংবাদদাতা : ঈদের দিনে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ সংঘর্ষে আহত হয়েছেন আরো দুইজন।
বৃহস্পতিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার ফুলবাড়ি এলাকার হাবিবুর রহমানের ছেলে সুজন (৩২), সাঘাটা থানার হাসিলকান্দি এলাকার সবুর হোসেনের ছেলে রাব্বি (২৬), নাটোর বাগাতিপাড়া থানার প্যারাবাড়িয়া এলাকার সোরহাবের ছেলে রানা (৩০) ও একই এলাকার শরিফুলের ছেলে আয়ান (৪)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, হাটিকুমরুল থেকে বনপাড়াগামী গরুবোঝাই জ্যাক পিকআপ ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আম বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা শিশুসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
এছাড়াও মারা যায় ৩টি গরু। এ ঘটনায় পিকআপ ভ্যানে থাকা আরো দুই যাত্রী আহত হয়েছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও ট্রাক এবং পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।