মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটা উপজেলা চেয়ারম্যান কাপ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার সখিপুর উদয়ন সংঘের আয়োজনে সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সাধারণ সম্পাদক ইকবাল মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সখিপুর উদয়ন সংঘের সভাপতি আবু আব্দুল্যাহ আল আজাদসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় গাজীরহাট প্রগতি সংঘ ও খেজুরবাড়িয়া ফুটবল একাদশের খেলোয়াড়রা একে অপরের প্রতিদ্বন্দীতা করেন। খেলায় ২-১ গোলে খেজুরবাড়িয়া ফুটবল একাদশকে পরাজিত করে গাজীরহাট প্রগতি সংঘ জয়লাভ করেন।
আগামী ২৭ জুলাই উক্ত টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে।