বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

১৩ রাষ্ট্রদূতকে ডেকে সতর্ক করল পররাষ্ট্র মন্ত্রণালয়

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯৭ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৯:১২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কথা বলায় ১৩ দেশের রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের ডেকে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের তলব করা হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে ঢাকাস্থ যে সকল দূতাবাস গণমাধ্যমে একটি যৌথ বিবৃতি দিয়েছিল আজ তাদের ডেকেছিলাম।তাদের কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণে আমরা আমাদের অসন্তোষ প্রকাশ করেছি। আমরা বলেছি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, যা দিয়ে সারা দিনের শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচনকে মূল্যায়ন করা ঠিক হবে না।’

তিনি বলেন, ‘হিরো আলম সতীর্থদের সাথে বিভিন্ন কেন্দ্র অবাধে বিচরণ করে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। ভোট শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তিনিও কোনো অপ্রীতিকর ঘটনার শিকার হননি বা কোনো অভিযোগ করেননি।

অন্য প্রার্থীরাও কোনো ধরনের সহিংসতা বা অন্য কোনো অনিয়মের অভিযোগ করেননি। তাই কেবল একটি কেন্দ্রের শেষ মুহূর্তের একটি বিচ্ছিন্ন ঘটনাটি গুটি কয়েক কূটনীতিক যেভাবে উপস্থাপন করেছেন তা কখনোই সারা দিনের শান্তিপূর্ণ নির্বাচনকে প্রতিফলিত করে না। দ্রুত একটি প্রতিক্রিয়া দিতে গিয়ে তারা তাদের মূল্যায়নটির বস্তুনিষ্ঠতার প্রতি যথাযথ গুরুত্ব দেননি।’

প্রতিমন্ত্রী আরো বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরও এই কূটনীতিকরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যা অযাচিত ও অপ্রয়োজনীয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর