বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

আশুলিয়ায় দোকান ভাড়ার কথা বলে ১ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক আটক

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৩৭ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৪২ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়ায় অন্যের দোকান নিজের দাবি করে ভাড়া দিয়ে অগ্রীম টাকা গ্রহণ করে প্রতারণার অভিযোগে মো. কামাল চৌধুরী (৫৫) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে, বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন সেনওয়ালিয়া এলাকা থেকে তাকে আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করে র‌্যাব-৪। এ ঘটনায় ভুক্তভোগী মো. রাজিব হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন।

আটক মো. কামাল চৌধুরী ঢাকার আশুলিয়ার সেনওয়ালিয়া এলাকার গফুর চৌধুরীর ছেলে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ড এলাকার ৪৫নং দোকানটি মো. কামাল চৌধুরী নিজের দাবি করে জামানত হিসেবে অগ্রীম ১ লক্ষ টাকা গ্রহণ করেন। পরের দিন বাদীকে দোকানের চুক্তি পত্র করে দেওয়ার কথা থাকলেও দোকান বুঝিয়ে না দিয়ে উক্ত দোকান অন্য একজনের নিকট ভাড়া প্রদান করেন। পরবর্তীতে বাদী খোঁজ নিয়ে জানতে পারেন উক্ত দোকানের প্রকৃত মালিক অন্য একজন তার নিকট থেকে বিবাদী ভাড়া নিয়ে দোকান পরিচালনা করতেন। উক্ত ঘটনা জানার পর প্রতারণামূলক ভাবে গৃহিত অগ্রিম জামানতের ১ লক্ষ টাকা ফেরত চাইলে বিবাদী টাকা না দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোসহ বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করেন বাদীকে।

ভুক্তভোগী মো. রাজিব হোসেন বলেন, কামাল চৌধুরী আমার সাথে প্রতারণা করে দোকান ভাড়ার কথা বলে অগ্রিম বাবদ ১ লক্ষ টাকা নিয়ে সেই টাকা ফেরত দিচ্ছেনা। আমি টাকা ফেরত চাইলে মিথ্যা মামলায় ফাঁসানোসহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করে।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, কামাল চৌধুরী নামে এক ব্যক্তি দোকান ভাড়া দেয়ার কথা বলে ১ লক্ষ টাকা আত্মসাৎ করেন। বিষয়টি র‌্যাব-৪ এর নজরে আসলে অনুসন্ধান শুরু হয়। পরে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সাহায্যে আশুলিয়ার সেনওয়ালিয়া এলাকা থেকে তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, কামাল চৌধুরীকে ভুক্তভোগীর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর