নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় বিদ্যুৎপৃষ্টে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। ঘটনাটি সদরের ঝাউডাঙ্গার ২ নং ওয়ার্ডের পাথরঘাটা গ্রামে বৈদ্যুতিক তারে জড়িয়ে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
ঝাউডাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদ ইকবাল জানান, পাথরঘাটা গ্রামের ইছহাক আলী সরদারের ছেলে রেজাউল ইসলাম পেশায় একজন দিনমজুর। বুধবার সকাল ১০ টার দিকে মাছের ঘেরের কাছে ফেলে রাখা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর এই দূর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, রেজাউলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।