আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ওইদিন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) এর ব্যবস্থাপনায় মহানগরে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৬৫ হাজার ২০৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগর ভবনের অ্যানেক্স সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এদিন ৬-১১ মাস বয়সী সব শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সব শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
রাজশাহী মহানগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়ন করতে ৩৮৪টি কেন্দ্রে ৭৬৮ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন।
প্রতিটি কেন্দ্র সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত খোলা থাকবে। ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৯১০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৬ হাজার ২৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, ভেটেরিনারি সার্জন ডা. মো. ফরহাদ উদ্দিন, রাসিক জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, ফুড অ্যান্ড স্যানিটেশন কর্মকর্তা শেখ আরিফুল হক, সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. রকিবুল হক তুহিনসহ গণমাধ্যমকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।