গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা এলাকা থেকে হৃদয় নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্নপুর-সিটপাড়া সংযোগ সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হৃদয় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাতিখলা এলাকার মৃত সুজন মিয়ার ছেলে। তিনি শ্রীপুরের বাগমারা এলাকায় বাসা ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গোসিঙ্গা ইউনিয়নের কর্নপুর-সিটপাড়া সংযোগ সড়কের পাশে হৃদয়ের অটোরিকশা উল্টে পড়ে ছিল। এসময় স্থানীয়রা এগিয়ে গিয়ে অটোরিকশার পাশেই জঙ্গলে হৃদয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা হৃদয়কে ধারালো ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।