নিজস্ব প্রতিবেদক : সৌদি আরব থেকে দেশে ফেরা এক প্রবাসীকে বহনকারী প্রাইভেটকার গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় ওই চক্রের দুই সদস্যকে কারাগার থেকে গ্রেফতার দেখিয়েছে (শোন অ্যারেস্ট) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা।
পিবিআই বলছে, তারা পেশাদার ছিনতাইকারী চক্র। এই চক্রে চার থেকে পাঁচজন সদস্য রয়েছে। যারা গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে সাভার, আশুলিয়া, টাঙ্গাইলসহ ডিএমপি’র বিভিন্ন থানা এলাকায় এবং মহাসড়কে ডাকাতি করত। পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে হত্যার হুমকি দিয়ে হাত-পা বেঁধে মালামাল ও গাড়ি ছিনতাই করে নিয়ে যেত।
উক্ত আসামীরা গত ২০২১ সালের ২৪ ডিসেম্বর দিবাগত রাতে একটি হায়েস মাইক্রোবাযোগে আশুলিয়ার জিরাবো এলাকায় এয়ারপোর্ট থেকে সৌদি প্রবাসীকে বহনকারী একটি প্রাইভেটকার ডিবি পুলিশ পরিচয়ে তল্লাশি করবে মর্মে সিগন্যাল দিয়ে থামায়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে প্রাইভেটকারে থাকা যাত্রী ও চালককে আসামীরা তাদের হায়েস মাইক্রোবাসে তুলে হাত-পা বেঁধে সর্বস্ব লুট করে। এঘটনায় করা মামলা তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় পিবিআই ঢাকা জেলা। সংস্থাটি জানতে পারে ছিনতাইয়ের ঘটনায় জড়িতরা অপর এক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে ‘শোন অ্যারেস্ট’ দেখিয়ে নিজেদের হেফাজতে নেয় পিবিআই ঢাকা জেলা।
কারাগার থেকে রিমান্ডে পিবিআইয়ের কাছে আসা আসামিরা হলেন মো. সোহাগ ওরফে ভাগিনা সোহাগ (২৮) ও মো. শরিফুল ইসলাম (৩৭)। তারা সাভার থানার আরেকটি মামলায় কারাগারে ছিলেন।
পিবিআইয়ের তদন্তে জানা গেছে, গ্রেফতার সোহাগ ও শরিফুল পেশাদার ছিনতাইকারী দলের সদস্য। গত তিন বছর ধরে তারা পুলিশ, ডিবিসহ বিভিন্ন বাহিনীর পরিচয় ব্যবহার করে ছিনতাই করে আসছিল। এমনকি মামলার বাদী আব্দুল মালেকের গাড়ি ছিনতাই করে নেওয়ার পরে সেই গাড়ি ব্যবহার করে গত এক বছর ধরে ছিনতাই করে আসছিল। তবে কতটি অপরাধ ঘটিয়েছে সেটি জানতে চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পিবিআই।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই, ঢাকা জেলার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, আসামি সোহাগ ওরফে ভাগিনা সোহাগের বিরুদ্ধে সাভার, আশুলিয়া ও ঢাকার বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে। শরিফুলের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। বৃহস্পতিবার শরিফুল এই মামলায় নিজের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।