মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে আগুন পোহাতে গিয়ে শাহাদুল ইসলাম (৫১) নামের এক দিনমজুর অগ্নিদগ্ধ হয়েছেন।
বুধবার (১৭ জানুয়ারী) দিবাগত রাত আনুমানিক ৯ টার দিকে কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে । দগ্ধ শাহাদুল কল্যাণপুর গ্রামের মৃত তৈয়ম উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, তীব্র শীতের কারণে শরীরে তাপ নেওয়ার জন্য খড়েকুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছিলেন শাহাদুল। এসময় অসাবধানবশত তার পোশাকে আগুন লাগলে,আগুনে দগ্ধ হয়ে মারাত্বক ভাবে আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া শারমিন জানান, শাহাদুল ইসলামের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন বার্ন ইউনিট না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করা হয়েছে।