সাভার : শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডে অন্তত ৭টি কক্ষ ভস্মিভুত হয়েছে। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (২ নভেম্বর) বিকেলে আশুলিয়ার কাইচাবাড়ী গোচারটেক এলাকার জাকির হোসেনের মালিকানাধীন শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে আধাঁপাকা ঘরের একটি রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিক ওই কলোনীর অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ারসার্ভিসে খবর দেয়। খবর পেয়ে সাভার সেনানিবাসস্থ জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌচ্ছে আগুন নিয়ন্ত্রণের কাজ করেন। তারা ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ৪০ মিনিটের মত সময় লাগে। আগুনে আধাঁপাকা ঘরের ২টি কক্ষ ও টিনসেড ঘরের ৫টি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
সাভার সেনানিবাসস্থ জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। পরে একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করলে ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে পুরোপুরি আগুন নেভাতে ৪০ মিনিটের মত সময় লাগে। পরে অন্য ইউনিটটি আর ঘটনাস্থলে যায়নি।
তিনি বলেন, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না, তবে আনুমানিক ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।