বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

এক কুকুর কামড়ালো ৩২জনকে

বরগুনা থেকে সংবাদদাতা / ২৬১ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ণ

বরগুনা : বরগুনার আমতলীতে একটি ‘পাগলা’ কুকুর শিশু সহ ৩২ জনকে কামড়ে আহত করেছে। আহতরা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আমতলী পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আব্দুল মন্নান (৩৩), ইয়ামিন (১৪), বাচ্চু মিয়া (৪০), তিন নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ (৭), আরাফাত (৯), আব্দুল মালেক (৭৫), হাসিব (৭), রাফিন (৬), জাহিদ (১৫), তানিয়া বেগম (১১), আবু রায়হান (১২), তানজিল আহম্মেদ (১৫), লাল চান (১০), তমাল (২৪), আপন হাওলাদার (২০), শাকিব (১৪), শংকর (৩২), জোহামনি (৯), সীমা (২৯), শফালী (৫০), নির্মল (৫৫), ইয়ামনি (১১), নয়ন (১৯), মোমেনা (১৭), হাফছা (৩২), এখলাস (১৩), ইউসুব (২৪), সাগর (১৯), আরিফ (১৮), শাহাভানু (১০৪) ও নির্মল (৫৫)।

খোঁজ নিয়ে জানা গেছে, আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ কাদের ও নান্নু মোল্লা সড়কে হঠাৎ একটি কালো রঙের ‘পাগলা’ কুকুর চলে আসে। এসময় ওই এলাকার এনএসএস অফিসের সাপোর্ট স্টাফ মাসুদ রানাকে (৪৫) প্রথমে কামড়ায়। পরে একই ওয়ার্ডের বিভিন্ন এলাকার শিশুসহ আরও ৩১ জনকে ওই কুকুরটি কামড় দিয়ে আহত করে। বিভিন্ন সময়ে কামড়ানো আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়।

এদিকে, কুকুরের কামড়ে ৩২ জন আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে আমতলী পৌর শহরের বাসিন্দারা। এছাড়া কুকুরটিকে ধরতে না পারায় নতুন করে আবারও আক্রমণের শঙ্কায় আছেন তারা। এতে ওই ‘পাগলা’ কুকুরটিকে ধরতে লাঠিসোঠা নিয়ে পাহারাও বসিয়েছেন স্থানীয়রা।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনিরুজ্জামান খান জানান, কুকুরের কামড়ে আহত হয়ে আসা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া কয়েকজনকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম জানান, কুকুরের কামড়ে ৩২ জন আহত হওয়ার ঘটনাটি শুনেছি। আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় ১০ থেকে ১২ জন আহত রোগী বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া পৌরসভার সংশ্লিষ্ট শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর