কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে একটি বাসা থেকে দুই শিশু সন্তান সহ সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও স্বামীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই সন্তান ও স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জের ভৈরব বাজারের শাহী মসজিদ এলাকার সাততলা একটি ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, মৃত গরেঙ্গ চন্দ্র বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস, তার স্ত্রী গাজীপুরের নির্মল মল্লিকের মেয়ে নিপা মল্লিক (২৬), ছেলে ধ্রুব বিশ্বাস (৭) ও মেয়ে কথা বিশ্বাস (৪)। স্ত্রী নিপা মল্লিক সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
স্থানীয়রা জানায়, তিন মাস আগে মরহুম শাজাহান মিয়ার ভাড়া বাসায় ওঠেন তারা। স্থানীয় একটি দোকানে কাজ করতেন জনি। প্রতিদিন সকালে কাজে বের হলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত জনির ঘরের দরজা বন্ধ থাকে। পরে বেলা ৩টার দিকে লোকজন এনে দরজা ভেঙে ঘরে ঢুকে তাদের লাশ উদ্ধার করা হয়। কিন্তু কিভাবে কী ঘটেছে তা কেউ বলতে পারছে না।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মিয়া জানান, ‘আমরা ৯৯৯ এ কলের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ধারণা করা হচ্ছে স্ত্রী ও ছেলেমেয়ে হত্যার পর স্বামী আত্মাহত্যা করেছে।’