আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় বিভিন্ন স্থানে অসহায়, দুঃস্থ, ছিন্নমূল ও পথচারী সহ সর্বস্তরের মানুষের মাঝে সেহরির খাবার বিতরণ করেছেন আশুলিয়া থানা ছাত্রদল।
মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত এ সেহরির খাবার বিতরণ করেন তারা।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের উদ্যোগে অসহায়, দুঃস্থ, ছিন্নমূল ও পথচারী সহ অন্তত দুই’শ জন ব্যক্তির মাঝে খাবার বিতরণ করা হয়।
পবিত্র মাহে রমজানে সমাজের অসহায় মানুষদের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। এই ধরণের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে জানান, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হাবিব।
এসময় তিনি বলেন,”রমজান সংযম ও সহমর্মিতার মাস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করতে পারাই আমাদের জন্য আনন্দের। আমরা চাই, প্রতিটি মানুষ যেন অন্তত সেহরির খাবার পায়। ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় মানবতার কল্যাণে কাজ করতে প্রস্তুত।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারী ও আশপাশের মানুষ। তারা মনে করেন, ছাত্রসমাজের এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।